বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮

স্বপ্ন সিঁড়ি মেয়ে

কোনো এক সবুজ গাঁয়ের চঞ্চলা এক মেয়ে,
নিঝুম রাতে ক্লান্ত চোখে স্বপ্ন সিঁড়ি বেয়ে।
চললো ছুটে অচিন পথে ফুল পাখিদের নিয়ে,
কাঠবেড়ালির সঙ্গে দিলো পুতুল সোনার বিয়ে
হাজার হাজার পাখি এলো বিয়ের নিমন্ত্রণে,
গান শুনিয়ে প্রাণ জুড়ালো কোকিল পরক্ষণে।
সেই আসরে সবুজ টিয়া দেখালো তার নাচ,
একে ওকে প্রশ্ন করাই শেয়াল মামার কাজ!
টিকটিকিরা মিলে সবাই ধরলো জারি গান,
আবার যেন সেই আসরে ফিরলো গানের প্রাণ।
ফুলগুলো সব এলো চুলে দুললো হাওয়ার দোলে,
মুচকি হেসে মুখ লুকালো ফড়িং ঘাসের কোলে।
স্বপ্ন খেয়ায় ধীরে ধীরে হারালো সেই রাত,
প্রজাপতির পাখায় চড়ে ফিরেছে প্রভাত।
চঞ্চলা সেই মেয়ে তখন ভোরের পাখির ডাকে,
এক নিমিষেই ফিরে এলো স্বপ্নের দেশ থেকে।

সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

আরেকটি ভোর সাজাই

অপেক্ষার প্রহরগুলো এক সময় দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে ওঠে,
ফুরিয়ে আসে সময়ের পথটাও!
আমি তবু চিরচেনা জামরুলের ঘ্রাণ পেতে
এক নিমিষে ছুটে চলে যাই সেই ঠিকানায়
যেখানে কেটে গিয়েছিল স্মৃতিমাখা শেষের দিনগুলো
মাঝ পথে নেমে আসে ঝুম বৃষ্টি
ভিজে যাই আমি,
আর সঙ্গে ভেজে মনের কোণে জমে থাকা সবটুকু অভিমান
ঠিক তখনই বারবার ফিরে যেতে মন চায় তোমাতে
বলতে ইচ্ছে করে,
অনিরুদ্ধ
চলো আরেকটি ভোর সাজাই,
অভিমানবিহীন রৌদ্রজ্জ্বল একটি ভোর

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

পরের জন্মে

এই অরণ্যে যেন রূপকথা ফিরে ফিরে আসে,
আমি রোজ তাই তোমার কথা লিখি চেনা ঘাসে।
তুমি দশটায় অফিস ছোটো রোদ্দুর মেখে গায়,
পরের জন্মে আমি রোদ হবো, তোমার ঠিকানায়।

ঘড়ির কাঁটায় বয়ে চলে সময় থামবার নেই অবসর,
হাত ধরে হাঁটবার জো নেই আজ, রঙচটা এ শহর।
অকুলান পথ ধরে তাই তোমার হেঁটে যাওয়া দেখি,
পরের জন্মে আমি পথ হবো, বলো তুমি হাঁটবে কি?

স্মৃতির বেড়াজালে বন্দী হৃদয় তৃষ্ণার্ত আজ মন,
একটু একটু করে বাড়ছে বয়স অপেক্ষারও এখন।
ক্যানভাসে তুমি আঁকছো আকাশ, জোড়া শালিক পাখি
পরের জন্মে আমি রঙ হবো, বলো ছবি আঁকবে কি?

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

এভাবে চলে যেতে নেই

না হয় আমি মেঘ হয়ে যাইতুমি বৃষ্টি,
এই অবেলায় অঝোর ধারায় ভালোবাসার সৃষ্টি
একটা বিকেল তোমায় নিয়ে হোক না কবিতা-গান,
চিলেকোঠায় তাই বিকেল সাজাইএসো ভুলে অভিমান।
অবাধ্য সময় পেরিয়ে যাবেআসবে যাবার বেলা যেই
বলবো শোনোএকটু দাঁড়াওএভাবে চলে যেতে নেই।।

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

রংধনু ছোঁব

আকাশের কাছে থেকে নীল কেড়ে,
তোমার হাতে দিলাম,
তুমি সাজিয়ে রেখো।
রাত্রির কাছ থেকে আঁধার কেড়ে,
তোমার হাতে দিলাম,
তুমি স্বপ্ন দেখো।
এই দুটি হাত ধরে বলো একবার
রংধনুটা ছোঁব,
আর কেউ আঁধারে থাক পড়ে
জোছনা তোমার দেবো।