শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

রংধনু ছোঁব

আকাশের কাছে থেকে নীল কেড়ে,
তোমার হাতে দিলাম,
তুমি সাজিয়ে রেখো।
রাত্রির কাছ থেকে আঁধার কেড়ে,
তোমার হাতে দিলাম,
তুমি স্বপ্ন দেখো।
এই দুটি হাত ধরে বলো একবার
রংধনুটা ছোঁব,
আর কেউ আঁধারে থাক পড়ে
জোছনা তোমার দেবো।

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

বন্ধুতা বেঁচে থাক

এই শহরে ল্যাম্পপোস্টের নিয়ন আলো এখনো আছে,
নেই শুধু ছাউনি ঘেরা টংয়ের সেই রং চায়ের স্বাদ।
বন্ধুত্বের আড্ডাবাজি, গান আর গিটারের টুং টাং শব্দ,
সবকিছুই আজ বিলীন হয়ে গেছে কালের গর্ভে! 
যান্ত্রিক শহরে ইট পাথরে ঘেরা জীবনের টোপে,
কর্ণফুলীর বুকে দল বেঁধে নৌকাভ্রমণ
হারিয়ে গেছে সেই কবেই!
একে একে হারিয়ে গেছে খেলার মাঠ, ওপেনটি বায়োস্কোপ,
কানামাছির দিন আর আটপৌরে জীবন।
ঝাপসা হয়ে গেছে আজ সবুজ পাতার স্মৃতি!
তবুও সবকিছু ছাপিয়ে আজও সজীব আছে বন্ধু আর বন্ধুতা
বেঁচে থাক এমনি করেই আজীবন

বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬

কয়েক মুহূর্ত বাঁচি

সহস্রাধিক বছর নয়!
শুধু কয়েকটি মুহূর্ত বাঁচতে চাই তোমার সাথে।
যে মুহূর্তগুলোতে ভালোলাগাগুলোকে
সাজানো যায় মনের মতো করে।
কী লাভ তুমিবিহীন সহস্রাধিক বছর বেঁচে!
তার চেয়ে বরং চলো
তোমায় নিয়ে কয়েক মুহূর্ত বাঁচি।

সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

তুমি শুনছো!


জানো? আজকাল তোমার ভালোবাসায়
বন্দী হতে ইচ্ছে করে খুব!
তাই ঠিক করেছি একদিন কোজাগরী চন্দ্রবিভায়
মেঘের ভেলায় ভেসে তোমার কাছে যাবো
কতদিন তোমায় দেখি না!

ভীষণ ইচ্ছে করে,
কোন একদিন ধবল জ্যোৎস্নায় ভেসে যাওয়া
ঘুমন্ত লোকালয়ে বসে সারারাত গল্প করবো
আগে যেমন করতাম!

অতীতের সকল অভিমানগুলোকে তুমুল অযত্নে
ধূলো জমা সেলফের এক কোণে তুলে রেখেছি।
তাই আবারও একদিন মায়াবতী দিঘির পাড়ে
নিভৃতে বসে তোমায় কবিতা শোনাবো,
শোনাবো আমার নির্বাসিত মনের গল্প
অনিরুদ্ধ, তুমি শুনছো!

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

তুমি রবে নীরবে


যে আমায় বরষা চেনালো এমনও শ্রাবণ বেলায়,
কেমন করে থাকি নীরব, তাঁহার যাবার বেলায়
পবন বেগে উদাসী মন মুখর বাদর দিনে,
বলাকার ওই পথের মাঝেই, নিয়েছি তাঁহারে চিনে

রোদন ভরা বসন্ত দিন তাঁর কবিতায় আসে,
আনমনা দিক্ বালিকার, মেঘের ভেলা ভাসে।
এসেছি তাই নীপবনে ছায়াবীথি তলে,
তুমিও সেথায় এসো কবি, এসো সময় হলে।

ছিন্ন পাতার তরণী সাজায়ে একা একা করো খেলা,
আকাশকুসুম চয়নে চয়নে, কাটে বিরহের বেলা।
হিয়ার মাঝে লুকিয়ে আছো কেহ জানিতে না পায়,
তুমি রবে নীরবে মোর শেষের কবিতায়।