সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

কাব্য নিমন্ত্রণ


শোনো…
আবার এসো,
আঁধার রাতের বানভাসি জোছনায়।
তোমায় কবিতা শোনাবো,
অমর প্রেমের কবিতা।
সেই পুরনো পুকুর পাড়ের
শান বাঁধানো ঘাটে,
কোনো এক জ্যোৎস্নাস্নাত রাতে
আবারো দুজনে মুখোমুখি বসবো,
আর জ্যোৎস্নাবিলাসে মত্ত হবো।
সঙ্গে রবে একগুচ্ছ অমর প্রেমের কবিতা।
আমি পড়বো, তুমি শুনবে…
আমি থাকবো বসে তোমারই প্রতীক্ষায়
সেই পুরোনো পুকুর পাড়ে,
তুমি এসো,
এসো…
আঁধার রাতের বানভাসি জোছনায়,
তোমায় রইলো আমার কাব্য নিমন্ত্রণ।

শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

নীল আমার ভীষণ প্রিয়



শুনেছি বেদনার রঙ নাকি নীল
তাই নীল আমার ভীষণ প্রিয়,
তোমার কাছে একটাই অনুরোধ
তোমার কষ্টগুলো সব আমায় দিও।

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

কিছু বলার ছিলো


তোমায় কিছু বলার ছিলো….
অনেকদিন থেকেই বুকের ভেতর তোমার জন্য
একটু একটু করে ভালোবাসা জমিয়ে রেখেছি,
মনে হয় পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে!
আর ভার বইতে পারছি না…!
তুমি কি নেবে?
নেবে তোমার জন্যে একটু একটু করে জমানো
আমার এই ভালোবাসাটুকু?

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

শেষ শ্রাবণের বৃষ্টি


শেষ শ্রাবণের বৃষ্টি এসে ভেজায় আমার মন
মেঘলা দুপুর উদাস করে রাখে সারাক্ষণ,
টিনের চালে বৃষ্টি পড়ে ভিজে দূরের বন
এই শ্রাবণে রইলো তোমায় চায়ের নিমন্ত্রণ।

শেষ শ্রাবণের বৃষ্টিটুকু তোমায় দেবো তুলে
এসো তুমি বৃষ্টি নিতে এসো পথ ভুলে,
ঝুম বরষায় আজকে না হয় ভিজবো অকারণ
এই শ্রাবণে রইলো তোমায় বৃষ্টি নিমন্ত্রণ।

মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

যেওনা রোদবালক


রোদবালক….
এই যে চেয়ে দ্যাখো,
তোমার মেঘবালিকা এখনো তোমারই আছে
শিশির ভেজা ঘাসের স্নিগ্ধ গালিচায়
বিমূঢ় হয়ে এখনো 
তোমারই প্রতীক্ষায় বসে আছে।

তুমি চেয়ে দ্যাখো,
আর দুহাত বাড়িয়ে কাছে টেনে নাও
করে নাও শত জনমের আপন।
দোহাই তোমার...
অভিমানের মেঘ নিয়ে অমন করে
চলে যেওনা রোদবালক।।