মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

হাতবদল

উড়ে যাওয়া শালিকের ডানায় ভর করে,
আবার যদি কোনদিন সকাল আসে।
কাঁচপোকাদের কাছে জমিয়ে রাখা
কথাগুলো ফেরত চাইবো সেদিন।
অতন্দ্রিলা রাত্রির কাছ থেকে
চেয়ে নেবো কিছুটা সময়।
জোনাকির নরম আলোয়,
পাল্টে যাওয়া সময়ের হাতবদল হবে সেদিন!

সোমবার, ৯ জুলাই, ২০১৮

হ্যামিলনের বাঁশিওয়ালা

একদিন হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে,
তোমার শহরে ধরা দেবো।
মোহময় বাঁশির সুরে
নিংড়ে নেবো হৃদয়ের সবটুকু দুঃখ।
তারপর তোমার কাছে চেয়ে বসবো হৃদয়টুকু।
তুমি দিতে অস্বীকৃতি জানাতেই,
ফের মাতাল করা সুরে,
ও হৃদয়ের, এক আরণ্যক ভালোবাসা লুণ্ঠন করে
উধাও হবো অচিনপুরের পথে।
ভালোবাসাহীন একাকীত্বে ছেয়ে যাওয়া হৃদয়ের সাথে,
তীব্র বোঝাপড়ায় ব্যস্ত থাকবে তুমি সেদিন!

শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

সে কী তুমি

নিয়ন আলোর এই রাজপথে,
জোনাকিরাও আজ দাবী তোলে
তোমাকে চাই, তোমাকে চাই।
হৃদয় সীমান্তের পথ ধরে,
নিখোঁজ হওয়ার বার্তা হঠাৎ
কে পাঠালো আমায়!
শূন্যতা ঢেকে প্রাপ্তির জলে
কে ভেজালো স্বপ্নভূমি?
সে কী তুমি?
একান্তই আমার সম্ভাব্য তুমি।

মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

স্মৃতির অ্যালবাম

স্মৃতির অ্যালবাম ছেড়ে
অবসরে একদিন এসো,
উচ্ছন্নে যাক পৃথিবী
তুমি শুধু আমায় ভালোবেসো।
অভিমানী মেঘমালা খেলবে
আষাঢ়ের সিক্ত উঠোনে,
আমি তখন চেয়ে নেবো
তোমায় উষ্ণ অভ্যর্থনে।

শুক্রবার, ১৫ জুন, ২০১৮

অনুভব

অকালে শ্রাবণ নেমে আসে
আমার চৈত্রমাসে,
হয় না আঁকা তোমার ছবি
ভিজে যাওয়া সবুজ ঘাসে।
আমি জানালা খুলে দেখি,
মুছে যায় প্রিয় রঙ সব।
রাত শেষে যার নাম দিয়েছি ভোর,
সে কী বোঝে, শেষ বিকেলের অনুভব!