বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫

কথা দিলাম

সুখের ভাগ চাইনা তোমার,
দুঃখের দিনে অন্তত আমায় ডেকো।
হাজার পথ পাড়ি দিয়ে আমি আসবো ছুঁটে
তোমার দুঃখের ভাগ নিতে।
কথা দিলাম...
কখনো যদি নিজেকে বড় একা মনে হয়,
তবে সেদিনও তুমি আমাকে পাশে পাবে।
স্বপ্নহীন হলে কখনো,
আমার দু’চোখের স্বপ্নগুলোতেই তোমার
দু’চোখ রাঙিয়ে দেবো,
এই আমাকে উজার করে।

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫

আকাশ মাটি

আমার আকাশ আমার মাটি
সত্যি পাগল করা!
আকাশ-মাটি নিপুণ হাতে
সৃষ্টিকর্তার গড়া।


স্বপ্ন নিয়ে ঐ আকাশে
পূর্ণিমার চাঁদ ওঠে,
এই মাটিরই সবুজ গাছে
হাজারও ফুল ফোটে।


আকাশেতে মেঘ ভাসে আর

সূর্য কড়া নাড়ে,
সোনালি ফসল ফলায় কৃষাণ
কোমল মাটির ক্রোড়ে।
 

রিমঝিমিয়ে বৃষ্টি পড়ে
নীল সে আকাশ থেকে,
সূর্য সন্তান ঘুমিয়ে আছে
এই মাটিরই বুকে।


ডানা মেলে পাখিগুলো
আকাশ সীমায় মেশে,
মাটি হয়ে রবো আমি
এই বাংলাদেশে।

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫

উপমা

- মৃন্ময়...
  চেয়ে দ্যাখো,
  চাঁদটা কী সুন্দর জোছনা বিলাচ্ছে পুরো আকাশটা জুড়ে!
- হুম...
  অনেকটা তোমার মতো।
- আমার মতো মানে?
- তোমার মতোই তো!
- সেটা আবার কি রকম?
- এই যে, আকাশ জুড়ে যতক্ষণ চাঁদটার অস্তিত্ব থাকে,
  ততক্ষণ সে বিরামহীনভাবে আকাশটাকে আলোকিত করে রাখে।
  আর আমার পৃথিবী জুড়ে যতক্ষণ তোমার অস্তিত্ব থাকে,
  ততক্ষণ তুমি বিরামহীনভাবে আমার পৃথিবীটাকে আলোকিত করে রাখো।
- তারপর?
- তারপর আর কী...
  অমানিশায় আকাশ ঘোর অন্ধকারে ডোবে
  আর তুমি বিহীন আমি ঘোর বিরহে ডুবি।

সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫

চিঠি

একটা চিঠি আমার এ মন
উপরে মোড়ানো হলুদ খাম,
প্রাপকের ঠিকানায় যতন করে
লিখেছি শুধু তোমারই নাম।
এরপর ভালোবাসার ডাকবাক্সে 
খুব যতনে ফেলে রাখা,
ফিরতি চিঠির অপেক্ষাতে 
আমার আনমনে বসে থাকা।

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫

অভিমান ২


অভিমানগুলো যদি মেঘ হয়, 
তবে ভেবো না একটুখানি বৃষ্টি হলেই
আকাশ স্বচ্ছ হয়ে যাবে।
আর আমি ফিরে যাবো তোমার স্মৃতির টানে...
অপেক্ষায় থেকো না রোদবালক,
কোন লাভ নেই তাই তাতে।
খামোখা মিথ্যে স্বপ্নের জাল বুনো না।
যতখানি এগিয়েছ,
ফিরে যাও তার থেকে দ্বিগুণ দূরত্বে,
ফিরে যাও রোদবালক, ফিরে যাও