মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫

অভিমান ১


অভিমান কোরো না মৃন্ময়... 
তোমার জন্য স্বপ্নীল হৃদয়ের সপ্ত দুয়ার রেখেছি খুলে,
তুমি এসো, রোদ পালানো কোনো এক বিকেলে
স্বপ্নের বেলাভূমিতে দাঁড়িয়ে আমি তোমার অপেক্ষায়
একেকটি মহাকাল পা করে চলেছি, তুমি আসবে বলে। 
গোধূলীর বিকেলটাও রক্তিম সাজে সেজেছে,
কৃষ্ণচূড়া ডালেও বসন্তের ছোঁয়া। 
রংধনুটা আকাশের বুক থেকে উঁকি দিচ্ছে,
তোমায় দেখবে বলে
তুমি এসো, রোদ পালানো কোনো এক বিকেলে

শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫

কেবল তোরেই খোঁজে


আমার চায়ের কাপে শুরু হওয়া শুভ্র সকালবেলা,
ভেজা শিশিরের মাঝে, কেবল তোরেই খোঁজে
আমার ক্লান্তির স্বাদে ভরে যাওয়া অলস দুপুরবেলা,
তেজস্বি রোদ্দুরের মাঝে, কেবল তোরেই খোঁজে
আমার একাকীত্বের ভিড় জমানো পড়ন্ত বিকেলবেলা,
রক্তিম আভার মাঝে, কেবল তোরেই খোঁজে।
আমার ঘুম জড়ানো জেগে থাকা আঁধার রাতিবেলা,
নিস্তব্ধ নীরবতার মাঝে, কেবল তোরেই খোঁজে।

শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫

এই শহরে আছো তুমি

এই শহরে আছো তুমি কোনো এক পাড়ায়,
তোমার কারনে স্বপ্নমিছিল দুয়ারে থমকে দাঁড়ায়
শ্লোগানে শ্লোগানে মুখরিত আজ প্রেমের নগরী,
অবিরাম তোমাকেই খুঁজে যায় রাতের প্রহরী

তুমি নেই তাই ভালোবাসারা নেমেছে রাজপথে,
একটাই দাবি আর কিছু নয় চাইছি ও মন পেতে
তোমার বিহনে উত্তাল মন তুমি কি তা জানো?
হরতাল অবরোধ চলবে দাবি যদি না মানো!

মনের আশা ভেঙে চুরে সব হয়েছে চুরমার,
বিপ্লবী মন আগুনে পুড়ে হয়েছে ছারখার।
তোমার বিহনে উত্তাল মন তুমি কি তা জানো?
হরতাল অবরোধ চলবে দাবি যদি না মানো!

সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪

বেহিসেবী ভালোবাসা


বড্ড বেহিসেবী আমি,
তাই তোমায় উজার করে দিয়েছি ভালোবাসা।
তুমি মন ভরে নিয়েছ কিছুটা
বাকীটা ফেলে রেখেছ অযত্নে-অবহেলায়!
অযত্নে পড়ে থাকতে থাকতে অবশিষ্ট ভালোবাসাটুকুতে
কখন যে মরচে ধরে গেছে, তা টেরই পাইনি!
তাই এখন আমার পাগলপ্রায় মনটা
বেহিসেবী ভালোবাসার দায়ে দেউলিয়া হয়ে,
এপাড়া-ওপাড়া আর শহরের অলিতে-গলিতে
রাত-দিন ঘুরে বেড়ায় ছন্নছাড়া বেশে!

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

পিছুটান

একদা আমার পিছুটান ছিলো, 
কারো জন্যে কিছু স্বপ্ন জমা ছিলো,
সময়ের বিবর্তনে আজ আর সেসব কিছুই নেই।
আজ শুধু আছে একরাশ মান-অভিমানের পালা,
মনের পাটাতনের নিচে জমাট বাঁধা কালো স্মৃতির
পরতে পরতে আছে উথাল-পাথাল ঢেউ। 
টেবিলের ওপর একলা পড়ে আছে ধুলো জমা কিছু চিঠি,
আর আছে রঙচটা মেঘের গল্প।